ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির এসএসসি পরিক্ষার্থীদের শতভাগ পাস ও ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ে নিয়মিত ক্লাশের পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে ফ্রি নৈশ্য কোর্স। পরীক্ষার্থীদের পড়ায় মনোযোগ বাড়াতে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার।
তিনি জানান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিয়ে বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত পড়া মুখস্থ ও আদায় করা হচ্ছে।
তিনি আরো জানান, শ্রেণি কক্ষের অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্কুলের পড়ার পরে বাসাবাড়িতে পড়ার জন্য গাইডলাইন পায় না। যার কারণে লেখাপড়ায় তাদের মনোযোগও বাড়ে না। এর জন্য এই নৈশ্য কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হয়। এর মাধ্যমে পরিক্ষার্থীদের পড়ায় মনোযোগ বাড়ছে। আমরা শিক্ষার্থীদের মেধা তালিকার মাধ্যমে শ্রেণী কক্ষ ভাগ করে দিয়েছি এতে করে দুর্বল ছাত্ররা সম্পূর্ণ গাইড লাইন পাচ্ছে। এছাড়া মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগীতা মূলক ফলাফল অর্জন করার গাইড লাইন দেওয়া হচ্ছে। নৈশ্য কোর্সের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোন অর্থ নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতে এই কোর্স করানো হচ্ছে। এতে অভিভাবকরাও সাড়া দিচ্ছে।
বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নৈশ্য কোর্স চালুর বিষয়টি প্রশংসনীয়। অভিভাবকদের সাথে আলাপ করে এই নৈশ্য কোর্সে ব্যবস্থা করা হয়েছে। রাত্রি বেলায় শিক্ষার্থীদের যাতায়াতে যেন কোন প্রকার সমস্যা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়াও হয়েছে।
