Skip to content

মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আকাশ থেকে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ড্রোনটির ধ্বংসাবশেষ ফেরত দেয়ার দাবি জানিয়েছে। মার্কিন কমান্ড বলছে, গতমাসে তাদের ওই ড্রোনটি লিবিয়া থেকে নিখোঁজ হয়েছিল। এর আগে তারা এ নিয়ে তদন্তের কথাও জানায়।

গত ২২ নভেম্বর মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, ত্রিপোলির আকাশ থেকে তাদের একটি ড্রোন নিখোঁজ হয়েছে। লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেখানকার উগ্র গোষ্ঠীগুলোর তৎপরতা নজরদারি করতেই ড্রোনটি ত্রিপোলির আকাশে পাঠানো হয়েছিল।

গতকাল শনিবার দেশটির আফ্রিকা কমান্ডের প্রধান জনোরেল স্টিফেন টাউনসেন্ড বলেন, ত্রিপোলিতে মোতায়েন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত গুলির আঘাতে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে গুলি করার সময় এটি যে মার্কিন ড্রোন তা ওই ব্যবস্থা বুঝতে পারেনি বলে তিনি নিজের অনুমানের কথা জানান।
জেনারেল টাউনসেন্ড বলেন, কিন্তু ভূপাতিত হওয়ার পর তারা নিশ্চয়ই জেনে গেছে ড্রোনটি কাদের ছিল। তিনি এটির ধ্বংসাবশেষ ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। মার্কিন ওই জেনারেল এসময় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান সহিংসতার জন্য রাশিয়াকে দায়ী করেন।

২০১১ সালে লিবিয়ায় সশস্ত্র গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। তারপর থেকে দেশটিতে সহিংসতা ও নিরাপত্তাহীনতা চলছেই। সম্প্রতি ত্রিপোলিতে একটি বিস্কুট তৈরির কারখানায় ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ আট প্রবাসী শ্রমিক নিহত হন।

গত এপ্রিলে বিদ্রোহী জেনারেল খালিফা হাফতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ত্রিপোলি অভিমুখে সামরিক অভিযান শুরু করেন। এখন পর্যন্ত তার দল ত্রিপোলি দখল করতে না পারলেও দুপক্ষের মধ্যে মাঝে মধ্যেই ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫