Skip to content

তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরুন

বাংলাভূমি ডেস্ক ॥
তরুণ প্রজন্মের কাছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ দেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তানেরা। একই সঙ্গে তারা শহীদ বুদ্ধিজীবী ও রাজাকারের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে বুদ্ধিজীবী পরিবারের সন্তানেরা এ দাবি জানান।

শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর কন্যা ড. নুজহাত চৌধুরী বলেন, ‘এ প্রজন্মকে আমাদের বুদ্ধিজীবীদের কথা জানাতে হবে, বলতে হবে। তারা তো বুঝতে পারছে না, তাদের কাছে তুলে ধরতে হবে, আমাদের বাবাদের অবদানের কথা।’

যুদ্ধাপরাধের দায়ে আদালতের সর্বোচ্চ রায়ে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় দৈনিক সংগ্রাম পত্রিকার বিষয়ে ড. নুজহাত বলেন, ‘যুদ্ধাপরাধীকে শহীদ বলা মানে বাংলাদেশকে অস্বীকার করা। পত্রিকাটি দেশের শহীদদের অবমাননা করে খবর ছাপিয়েছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। তারা কি বোঝাতে চায়? আমার বাবাদের অবমাননা করতে চায়? স্বাধীন দেশে এত বড় ধৃষ্টতা কোথায় থেকে পায় তারা?’

পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকের বিচার দাবি করে নুজহাত আরও বলেন, ‘পত্রিকার সম্পাদক ও প্রকাশককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামের প্রকাশক ও সম্পাদককে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে বিচার করতে হবে। বন্ধ করতে হবে জামায়াত শিবিরের রাজনীতি।’

বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘বুদ্ধিজীবীদের সঠিক তালিকা করতে হবে। সেই সঙ্গে রাজাকারদের তালিকাও করতে হবে। আমরা যারা সত্যিকারের স্বাধীনতার পক্ষের প্রজন্ম তাদের সংঘবদ্ধ হতে হবে এবং স্বাধীনতাবিরোধী সব ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫