Skip to content

উইঘুর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ওজিলের পাশে পম্পেও

স্পোর্টস ডেস্ক ॥
ফুটবল ক্লাব আর্সেনালের খেলোয়াড় ও জার্মানির বিশ্বকাপজয়ী দলের সাবেক সদস্য মেসুত ওজিলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও।

তিনি বলেন, বেইজিং কেবল ফুটবল দলটির খেলায় কাটছাঁট আরোপ করতে পারবে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লুকাতে পারবে না।

তুর্কি বংশোদ্ভূত জার্মানির এ মুসলমান ফুটবলার সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নিপীড়ন করায় চীনকে তুলাধোনা করেছেন। গত সপ্তাহে সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে ‘উইঘুরদের’ যোদ্ধা আখ্যায়িত করে তিনি বলেন, তারা নিপীড়নকে রুখে দাঁড়াচ্ছে।

পাশাপাশি এ নিপীড়নের ঘটনায় মুসলিম বিশ্বের নীরবতারও সমালোচনা করেন তিনি।

এ ঘটনার প্রেক্ষাপটে রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের প্রিমিয়ার লিগের খেলা সম্প্রচারের তালিকা থেকে বাদ দিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভি।

এক টুইটবার্তায় পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির প্রচারমাধ্যম পুরো মৌসুমেই মেসুত ওজিল ও আর্সেনালের ওপর সেনসর আরোপ করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয়ই হবে।

তিনি বলেন, উইঘুর ও অন্যান্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে, সিসিপি তা গোপন রাখতে পারবে না।

জাতিসংঘ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসাবে, ১০ থেকে ২০ লাখের মতো লোক— যাদের অধিকাংশই নৃতাত্ত্বিক উইঘুর— জিনজিয়াংয়ের নিষ্ঠুর অবস্থার মধ্যে আটক রয়েছেন।

এটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করেছে চীনা কমিউনিস্ট সরকার। উইঘুরদের বিরুদ্ধে নিপীড়নের ঘটনা সবসময়ই অস্বীকার করে আসছে বেইজিং।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া খবর ও মিথ্যা বিবৃতিতে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়েছেন ওজিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫