Skip to content

বছরে গড়ে ১৮০০ ঘণ্টা স্মার্টফোনে কাটান ৭৫ শতাংশ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক ॥
স্মার্টফোনে আসক্তি দিন দিন আমাদের আষ্টেপিষ্টে ধরছে। আধুনিক এই যন্ত্রটি ছাড়া আমাদের যেন একটি দিনও চলে না। গান শোনা, মুভি দেখা, ছবি তোলা, গেম খেলা, ব্যাংকিং-সব কিছুই এখন স্মার্টফোন থেকে করা সম্ভব। এভাবেই বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। তবে ভারতে স্মার্টফোনে আসক্তি বেশ অবাক করার মতো।

সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে জানা গেছে, বছরে প্রায় ১৮০০ ঘণ্টা সময় স্মার্টফোনের সঙ্গেই নানা কাজে কাটান প্রায় ৭৫ শতাংশ ভারতীয়!

শুক্রবার ওই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়। স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে যৌথ উদ্যোগে এই সমীক্ষা চালিয়েছে সাইবারমিডিয়া রিসার্চ।

সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, জেগে থাকলে প্রতি চারজন ভারতীয়র মধ্যে তিনজন সারা বছরে গড়ে প্রায় ১৮০০ ঘণ্টা সময় নানা কাজে স্মার্টফোনের সঙ্গে কাটান। অর্থাৎ, বছরে ৭৫ দিন শুধুমাত্র স্মার্টফোনের সঙ্গেই সময় কাটান বেশির ভাগ ভারতীয়।

সমীক্ষা রিপোর্ট বলছে, স্মার্টফোনের ওপর মানুষের নির্ভরশীলতা আগের তুলানায় বেড়েছে। স্মার্টফোনের ওপর মানুষের নির্ভরশীলতা এতটাই বেড়ে গিয়েছে যে, মানুষ এখন তার বন্ধু-পরিজনের সঙ্গে মেলামেশাও আগের চেয়ে ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে।

ভারতের আটটি শহরে অনলাইনে ও সরাসরি এই সমীক্ষা চালানো হয়েছে। দুই হাজার ব্যক্তির মধ্যে এই সমীক্ষা চালানো হয়। তাদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী।

সমীক্ষায় অংশ নেয়া ৭৫ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, তারা তাদের বয়স ১৯ বছর হওয়ার আগেই স্মার্টফোন হাতে পেয়েছেন। ৪১ শতাংশ জানিয়েছেন, স্কুলে পড়ার সময় থেকেই তারা স্মার্টফোন ব্যবহার করছেন।

সাইবাইমিডিয়া রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ইন্টারনেটের যুগে জন্মানো শিশুরা ডিজিটাল ডিভাইস হাতে নিয়েই বড় হচ্ছে। ফলে তারা এর সঙ্গেই বেশি অভ্যস্ত হয়ে পড়ছে। এর ফলে বদলে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা, বদলে যাচ্ছে মানুষের আবেগ প্রকাশের পদ্ধতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫