Skip to content

সিটি নির্বাচনে জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি: জিএম কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবে। হারার জন্য কেউই নির্বাচন করে না।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিস মিলনায়তনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সেনা সদস্য জিএম কাদেরের হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেন।

এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা চাই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। আশা করছি, নির্বাচন সুন্দর হবে। জাতীয় পার্টি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদেও মনোনয়ন দেবে।

তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। এখন জাতীয় পার্টিকে আরও শক্তিশালী হতে হবে, আরও সংগঠিত হতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। প্রতিদিনই এই দলে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, বর্ধিষ্ণু রাজনৈতিক দল।

নবাগতদের স্বাগত জানিয়ে কাদের বলেন, কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না। জাতীয় পার্টি সব সময় দেয়ার জন্য রাজনীতি করে। আর কিছু দিতে পারলে অবশ্যই সম্মান পাওয়া যায়।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির সময় এখন সামনে এগিয়ে চলা, শুধুই জয়ের পথে এগিয়ে চলা।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা দেশব্যাপী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ছড়িয়ে দেব। আগামী নির্বাচনের আগেই দলকে জয়ের জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫