Skip to content

সাহারার নির্বাচনী অফিস উদ্বোধন বিধির লঙ্ঘন হলে ব্যবস্থা

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন ওই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন। ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেছেন, তার এ অফিস উদ্বোধন নির্বাচনী বিধির লঙ্ঘন প্রমাণিত হলে সিটি কর্পোরেশন নির্বাচনের যে বিধিবিধান আছে, সেটার আলোকেই ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরে আতিকুলের নির্বাচনী অফিস উদ্বোধন করেন সাহারা খাতুন। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২ নম্বর ধারা ১ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এ রকম পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠেছে, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ সংসদ সদস্য সাহারা খাতুনের নির্বাচনী অফিস উদ্বোধন সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন।

‘সাহারা খাতুনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন আচরণবিধির লঙ্ঘন কি না’-জানতে চাইলে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘এটা দেখি আগে। আমার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে। তাদের সঙ্গে আলোচনা করে আপনাদের জানাব।’

‘আচরণ বিধির প্রমাণিত হলে কী ব্যবস্থা নেবেন’-জানতে চাইলে তিনি বলেন, ‘প্রমাণিত হলে আমাদের যে বিধিবিধান আছে, সেটার আলোকেই আমরা ব্যবস্থা নেব।’

আবুল কাসেম আরও বলেন, ‘এটা তো আমি এখনও জানি না। আমার কথা হলো, একজন প্রার্থী হবেন নির্বাচনী প্রতীক পাওয়ার পরে। এখনও কেউ-ই কিন্তু প্রার্থী না। কারণ ৯ জানুয়ারি পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আইন অনুযায়ী, একজন প্রচার-প্রচারণা চালাতে পারবেন ১০ জানুয়ারি থেকে। তারা তো ক্যাম্প করছে, প্রচার তো চালাচ্ছে না। যদিও আমি এর সত্য-মিথ্যা জানি না। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না।’

‘এখন পর্যন্ত ঢাকা শহরের পরিবেশ অনেক ভালো আছে। আমরা চাই, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হোক‘, যোগ করেন আবুল কাসেম।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটিতে প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫