স্পোর্টস ডেস্ক ॥
এসেছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচ হয়ে। কিন্তু ফেরার সময় তার সামনে খুলে গিয়েছে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার দরজা। এরই মধ্যে বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সের ক্যারিবীয় কোচ ওটিস গিবসনের, জানিয়েছেন তিনি নিজেও আগ্রহী টাইগারদের বোলিং কোচ হতে।
এদিকে দেখতে দেখতে শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএলে গিবসনের দল কুমিল্লা ওয়ারিয়র্সের যাত্রা। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের কাছে বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কুমিল্লা। স্বাভাবিকাভাবেই অল্প কিছুদিনের মধ্যে নিজ দেশে চলে যাবেন কুমিল্লা কোচ।
তাহলে টাইগারদের বোলিং কোচ হওয়ার বিষয়টি কী হবে? আলোচনার অগ্রগতিই বা কতদূর? পাকিস্তান সফর বিষয়ক আলোচনায় ব্যস্ত থাকায় বিসিবির পক্ষ থেকে জানানো হচ্ছে না আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। অগত্যা খোদ গিবসনের কাছেই জানতে চাওয়া হলো তার বোলিং কোচ হওয়ার বিষয়ে।
শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে গিবসন এ বিষয়ে বলেন, ‘তারা যদি আমাকে (বোলিং কোচ হিসেবে) হিসেবে চায়, তাহলে অবশ্যই। আমি সেজন্য নিজেকে প্রস্তুত রেখেছি। আমি অপেক্ষায় আছি আগামীকাল (শনিবার) বোর্ডের বৈঠকের (বোর্ডের বৈঠক আসলে রোববার) পর কী সিদ্ধান্ত আসে।’
তিনি আরও বলেন, ‘শেষবার যখন আমরা কথা বললাম, এরপর আর কিছু শুনিনি। আগামীকাল (শনিবার) হয়তো একটা বৈঠক হবে বোর্ডের। এরপর আমি কিছু জানতে পারি হয়তো। বর্তমানে আমার নিজের কোনো পরিকল্পনা নেই। তাই আমি অপেক্ষা করছি বোর্ড আমাকে দায়িত্ব দেয় কি না তা দেখার জন্য।’
এর আগে গত মঙ্গলবার গিবসন জানান, বাংলাদেশের তরুণ ফাস্ট বোলারদের কোচিং করানোর সুযোগ দেয়া হলে, তিনি অবশ্যই সেটি নিতে চান। বলেন, ‘দেখি কী হয়ৃঅবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’
