Skip to content

প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করে মাঠে থাকব: ইশরাক

বাংলাভূমি ডেস্ক ॥
প্রতিপক্ষের সব ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার বেলা সোয়া ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ইশরাক। এ সময় তিনি একথা বলেন।

রোববার তার নির্বাচনী এলাকায় যে হামলার অভিযোগ এসেছে, সে বিষয়ে উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বিএনপির এই প্রার্থী বলেন, ২০১৫ সালের নির্বাচনে আমাদের নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল সন্ত্রাসীরা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা এবার প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করতে প্রস্তুত আছি। সব মোকাবেলা করে মাঠে থাকব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা মহানগরের এ নির্বাচনে আমরা প্রথম থেকে প্রত্যাশা করেছিলাম, যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হয়, তাহলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু সেটি এই সরকার এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপির প্রচার অভিযানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছেন। প্রার্থীদের হামলা করা হচ্ছে, বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়ার কবর জিয়ারত শেষে চতুর্থ দিনের মতো প্রচারে নেমেছেন প্রকৌশলী ইশরাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫