স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কোর্টের নিশেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে প্রতিবেশী এবং আত্মীয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো: আসাদুজ্জামান মোহসীন। আজ সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কলেজ পাড়া এলাকায় তার আত্মীয় ও প্রতিবেশী এম এম ফারুক মোল্লা গং তার পৈতৃক ও ক্রয় কৃত রেকর্ডিয় জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে বর্তমানে তারা ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তার পিতা মৃত হযরত আলী জীবিত অবস্থায় শ্রীপুর মৌজার সাড়ে ৯ শতাংশ জমি ক্রয় ও পৈতৃক সূত্রে মালিকানা প্রাপ্ত হন। পিতার মৃত্যুর পর তিনি তার মা, দুই ভাই ও তিন বোন উক্ত সম্পত্তির মালিকানা প্রাপ্ত হন। উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বিবাদিগণ বাঁধা প্রদান ও জমি জবরদখলের অপচেষ্টা চালায়। এ অবস্থায় তিনি থানায় জিডি, পুলিশ সুপার বরাবর আবেদন ও পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদিগণ জমি জবর দখলের অপচেষ্টা অব্যাহত রাখে। এমনকি তারা স্থানীয় ভূমি অফিসকে প্রভাবিত করে তাদের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি উক্ত সম্পত্তি যাতে বেদখল না হয় এবং তারা যাতে সুবিচার পান সেজন্য তিনি স্থানীয় জন প্রতিনিধি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে তার দুই বোন নুরুন্নাহার ও সামসুন্নাহার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাদীর চাচা মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিনেরও সাড়ে ৯ শতাংশ জমি এম এম ফারুক গংরা ইতোমধ্যে দখলে নিয়ে যাওয়ার কথাও এ সংবাদ সম্মেলনে জানান।
