Skip to content

নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা সফল হতে দেয়া হবে না

বাংলাভূমি ডেস্ক ॥
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, প্রতিপক্ষ নৌকার জোয়ার দেখে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। তাদের চেষ্টা সফল হতে দেয়া হবে না।বৃহস্পতিবার শেষ দিনের নির্বাচনী প্রচারণায় ভাষানটেক এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, কোনো অপশক্তি আমাদের নৌকার এই গণজোয়ারকে থামিয়ে রাখতে পারবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি বাইরের জেলা থেকে প্রচুর লোকজন এনে বিভিন্ন কেন্দ্রে ঢুকিয়ে গণ্ডগোল করার একটি পায়তারা করা হচ্ছে। সন্ত্রাস করে তারা চাচ্ছে যেন ভোটের পরিবেশ নষ্ট হয়। নৌকার জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষরা অনেক ধরনের টালবাহানা করছে। তারা দেখেছে আমরা যেখানেই গেছি সেখানেই জনসমুদ্রে পরিণত হয়েছে। এসব দেখে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে আপনাদের। নৌকার বার্তা উন্নয়নের বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দিতে হবে আপনাদের। আপনাদের মনে রাখতে হবে নৌকার কোনো ব্যাকগিয়ার নেই, নৌকার গিয়ার একটাই। সেটা হল ফ্রন্ট গিয়ার আর ফ্রন্ট গিয়ার মানেই উন্নয়নের গিয়ার।

ভাষানটেক এলাকাবাসীর উদ্দেশে আতিকুল বলেন, ১ ফেব্রুয়ারি যদি আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হই, তাহলে কথা দিতে চাই ভাষানটেক এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে, চওড়া রাস্তা হবে। এই এলাকায় অনেক বস্তি এবং বস্তিবাসী থাকেন। তাদের কিভাবে উন্নত জায়গায় বাসস্থান করা যায় সেই বিষয়ে কাজ করবো ইনশাআল্লাহ্। আর আমাদের সবাইকে মিলে মাদক নির্মূলে কাজ করতে হবে।

পথসভায় আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান কচি, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল, অভিনেত্রী সুইটি, অভিনেত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫