Skip to content

বারি’র কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টির মত লাশের কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পেরেছেন।

বারি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারি আব্দুল ওহাব মোল্লা জানান, গত কয়েকদিন ধরেই ওই কবর থেকে ওই চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ওই কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যাই। সেখানে তার স্ত্রী, মেয়ে ও ভগ্নিপতির কবর রয়েছে। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি কয়েকটি কবরস্থানের কঙ্কাল চুরির আলামত রয়েছে এবং সেখানে কয়েক জোড়া হ্যান্ড গ্লাভস ও চাকু পড়ে আছে। গত কয়েকদিনে ৩০টির মত কংকাল চুরি হয়েছে।

স্থানীয় সাজ্জাদ হোসেন নামে এক তরুণ জানান, আমার বাবা মোঃ জাকির হোসেন কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রায় ৪০বছর টেকনিক্যাল এ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর পর এখানেই তার কবর দেয়া হয়েছিল। আমার বাবার কবর থেকে লাশের কঙ্কাল চুরির ঘটনায় আমি অনেকটা হতভম্ব হয়েছি। এর পেছনে এলাকার কারো হাত থাকতে পারে বলে আমি মনে করি।

একই খবর শুনে খবরস্থানে যান বারি’র সাবেক কর্মচারী ওয়াজি উল্লাহ’র স্ত্রী নুরুন্নাহার। তিনি বলেন, ৪বছর আগে ওই কবর স্থানে তার ভাই আ. করিমের লাশ দাফন করা হয়। সেখানে কোনই নিরাপত্তা নেই। বারির বাউন্ডারির পাশেই মাদকসেবীদের আস্থানা রয়েছে। নিরাপত্তাকর্মীরা সঠিক দায়িত্বপালন করেন না। বছর খানেক আগে কবরস্থানে দক্ষিণে আবাসিক এলাকায় এক খুনের ঘটনা ঘটেছে।

বারি’র সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কবর স্থানের পাশেই সীমানা প্রাচীরের নীচে ফাঁকা স্থান রয়েছে। এছাড়া ওই এলাকায় রাতে লাইটের ব্যবস্থা নেই। এসব সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি আরো বলেন, কবরস্থান থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি হ্যান্ডগ্লাভস, চাকু ও কংকাল পরিস্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি মধ্যে রাত্রিকালীন যেকোন সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

গাজীপুর মেট্রো সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, ২৪টির মত কবরের কঙ্কাল চুরির খবর পেয়েছে। এ ব্যাপারে বারি’র পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়রী (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫