আন্তর্জাতিক ডেস্ক ॥
অ্যামাজন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোসের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
বাদী হয়ে মামলাটি করেছেন বেজোস প্রেমিকা লরেন স্যানচেজের ভাই মাইকেল স্যানচেজ। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এ তথ্য জানিয়েছে।
মামলার অভিযোগে মাইকেল জানিয়েছেন, বেজোসের সঙ্গে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও টেক্সট ফাঁসকারী হিসেবে তার নাম বলে তার সম্মানহানি করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
মামলার নথিতে মাইকেল আরও জানিয়েছেন, বেজোসের অভিযোগের কারণে ‘যথেষ্ট ক্ষতি হয়েছে তার। প্রতিবেশীদের সামনে তার ঘরে রেইড পর্যন্ত চালিয়েছে এফবিআই’।
গত বছরের জানুয়ারিতে লরেনের সঙ্গে বেজোসের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন ট্যাবেলয়েড ন্যাশনাল ইনকোয়েরার।
মামলায় আরও বলা হয়েছে, ওই ফাঁসের ঘটনা ঘটার সময়ে লরেনের ‘দায়িত্বশীল ভাই ও ব্যবস্থাপকের’ দায়িত্ব পালন করেছেন মাইকেল।
তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বেজোস।
