Skip to content

আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসাররা ছিলেন অসহায় : ইশরাক

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণের দিন শাসক শ্রেণির অন্যায় নির্দেশের কাছে মাঠ পর্যায়ে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসরা অসহায় ছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত ইশরাক হোসেন।

নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশান ইমানুয়েলস হলে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ইশরাক বলেন, ‘আমি নগরবাসীকে কথা দিয়েছিলাম, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব। বাসযোগ্য একটা শহর উপহার দেব। কিন্তু শাসক শ্রেণির ভোট চুরি, ভোট কারচুপি, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদেরকে ভোটকেন্দ্র থেকে দূরে রাখাসহ নানা কারণে আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। তবে আগামীতে আবার নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য মাঠে আসব।’

তিনি বলেন, ‘আমি দেখেছি আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রিসাইডিং অফিসারদের অনেকেই চেয়েছেন সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু তারা শাসক শ্রেণির অন্যায় নির্দেশের কাছে সম্পূর্ণ অসহায় ছিলেন। তারা নিরুপায় হয়ে সরকারের অন্যায় নির্দেশ মেনে চলতে বাধ্য হয়েছেন।’

সংবাদ সম্মেলনে নির্বাচনের দিন নানা অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানির অভিযোগের পক্ষে সংগৃহিত তথ্য-উপাত্ত তুলে ধরেন তাবিথ আউয়াল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে এসব তুলে ধরেন তিনি।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫