Skip to content

‘আমরা যুদ্ধ করি না, তবে প্রতিরক্ষায় আরও প্রশিক্ষণ চাই’

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরও উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন। ফ্রান্সের বিমানবাহিনী প্রধান জেনারেল ফিলিপ লাভিন রোববার এক সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কেননা এটা (শান্তি) উন্নয়নের জন্য প্রয়োজন। আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও অর্থ ব্যয় করতে চাই।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার বিকেলে ফ্রান্সের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎপর্ব শেষে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাংবাদিকদের অবহিতকরণকালে প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করি না, তবে আমরা প্রতিরক্ষা খাতে কর্মরত লোকদের আরও প্রশিক্ষণ দিতে চাই।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন লাভ করেছে এবং আরও উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন আমাদের দেশের ৮২ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করত, এখন আমরা এই দারিদ্র্যের হারকে ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

সন্ত্রাসবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সর্বস্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করেছি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের সমর্থনের কথা স্মরণ করে বলেন, তখন থেকেই দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।

প্রেস সচিব বলেন, জেনারেল ফিলিপ বলেছেন- ফ্রান্স এবং বাংলাদেশের বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য চলাচলের স্বাধীনতার ওপরও গুরুত্বারোপ করেন। ফ্রান্সের বিমানবাহিনী প্রধান বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শান্তি স্থাপনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূঁয়সী প্রশংসা করেন।

ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার পরিদর্শনের কথা উল্লেখ করে ফ্রান্সের বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে জানান, ‘জাতির পিতার স্মৃতি বিজড়িত ভবনে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।’ জেনারেল ফিলিপ তার সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের সাক্ষাতেরও উল্লেখ করেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫