স্টাফ রিপোর্টার॥
গাজীপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা রবিবার থেকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে শুরু হচ্ছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এ মেলায় আঞ্চলিক ভাবে ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এই সকল পণ্যের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখার ব্যবস্থা করা হবে। মেলায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য ৫০টি স্টল বরাদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, দেশজ উৎপাদন (জিডিপি ) বৃদ্ধি, আঞ্চলভিত্তিক অর্থনৈতিক বৈষম্য হ্রাস, বৃহৎ প্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসায়িক কার্যক্রম রোধে, প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের পৃষ্টপোষকতা প্রদানসহ দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতি সাধনের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বর্তমানে দেশে উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়ায় যুক্ত প্রায় ৭৮ লক্ষ ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যাদের অবদান মোট জিডিপি – এর প্রায় শতকরা ২৫ ভাগ। আগামী ২০২৪ সালের মধ্যে দেশের জিডিপি-তে এই খাতের অবদান শতকরা ৩২ ভাগ এ উন্নীতকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
