স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় তিনজন পশুখাদ্য ব্যবসায়ীকে পশুখাদ্য হিসেবে তুলা বিক্রি ও পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চালানো হয়। এসময় তিন পশুখাদ্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত পশুখাদ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা হলো- কাপাসিয়া নলগাঁও এলাকার ওমর কাজীর পুত্র মোঃ সেলিম কাজীকে ১০ হাজার টাকা, আজিমউদ্দিন আকনের পুত্র মোঃ হাসমতকে ৫ হাজার টাকা ও মোঃ গিয়াস উদ্দিন আকনের পুত্র অহিদকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমানসহ বাজার মহল্লার অনেকে উপস্থিত ছিলেন।
