Skip to content

নগরীর আধুনিকায়ন-উন্নয়নের মাস্টার প্ল্যান করা হয়েছে: মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর নগরীর আধুনিকায়ন উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে। গণশুনানীর মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যা নির্মাণ করা প্রয়োজন সেখানে তা-ই নির্মাণ করা হবে। কোন স্থাপনা কোথায় নির্মিত হবে তার উল্লেখ থাকবে সেখানে।


মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সালনা নাসির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র ওইসব কথা বলেছেন। অনুষ্ঠানে সিটির সচিব মো. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, কেএম জহুরুল আলম, মাহমুদা শাহরিন মাধবী, মো. হাসিবুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, কোনাবাড়ি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল কাদির মন্ডল, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো.তানভীর আহমদ, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন, ২৩ ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নুসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেয়র এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, দেশের অন্যান্য নগরীর চেয়ে গাজীপুর নগরীতে হোল্ডিং ট্যাক্স সবচেয়ে কম ধার্য্য করা হয়েছে। আর সিটির অবকাঠামো নির্মাণ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ট্যাক্স মওকুফ করে দেয়া হবে। গাজীপুরের কাউলতিয়া ও আশেপাশের ওয়ার্ডে জাইকার সহায়তায় ৫টি স্কুল স্থাপন করা হবে। কোন কারখানায় যদি বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ না করে পরিবেশ দূষিত করে। তবে সে সকল কারখানার লাইসেন্স বাতিল করে দেয়া হবে। এলাকায় অপরাধ প্রবনতা কমাতে পুরো সিটি কর্পোরেশন এলাকাকে সিসিটিভির আওতায় আনা হবে।

আমাদের কি করণীয় আছে আর নগরবাসী কি পেয়েছে তা দেখার জন্যই আমি বিভিন্ন এলাকায় জনতার মুখোমুখি হচ্ছি। অবহেলিত কাউলতিয়া, বাসন ও পূবাইল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগসহ বাস্তবমুখি বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কারণ ইউনিয়ন পর্যায়ে এসব এলাকায় তেমন উন্নয়ন হয়নি।

তিনি আরো বলেন, আগে এলাকায় রাস্তা করার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে তদবির করতেন আর আমরা রাস্তা করার জন্য এখন জনগণের দ্বারে দ্বারে ঘুরছি। এসব এলাকা আধুনিকায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছি। যারা রাস্তার জন্য জমি দিচ্ছেন তাদের নামে ওই রাস্তার নামকরণ করা হবে। আর নগরবাসীদের যাদের সন্তানরা বেকার রয়েছে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫