Skip to content

পুলিশকে থাপ্পড় মেরে আটক হলেন গাজীপুর মহিলা লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে চড়-থাপ্পড় মেরে থানায় আটক হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা।

শনিবার দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে ইউটার্ন নেয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউন্সিলর রুহুন নেছা শনিবার দুপুরে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার উত্তর পাশ অতিক্রম করে দক্ষিণে যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ওই রাস্তাটি রশি দিয়ে বন্ধ রয়েছে।

পরে তিনি রশি ঠেলে ইউটার্ন নেয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য তাকে বাধা দেন। এ সময়ে রুহুন নেছা নিজেকে কাউন্সিলর পরিচয় দেন।

কিন্তু ওই পুলিশ সদস্য তাকে ওই পথে যেতে বাধা সৃষ্টি করেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রুহুন নেছা উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশের গালে চড় মারেন। পরে সেখানে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আরও পুলিশ এসে তাকে আটক করে বসিয়ে রেখে বাসন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যান।

কাউন্সিলর রুহুন নেছা বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় অনেকেই উল্টোপথে যাতায়াত করে থাকে। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য তাদেরকে নিজের পরিচয় দিয়ে অনুরোধ করলেও তারা কথা শুনেননি। এক পর্যায়ে পুলিশ এমন করছিল যেন তার উপরে এসে পড়বে। তখন নিজেকে রক্ষা করতে চড় দিয়েছি।

বাসন থানার ওসি একেএম কাউছার চৌধুরী জানান, তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫