স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস শনাক্তের সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় গাজীপুর মহানগরীর ওয়ার্ড ভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি রবিবার দুপুরে মহানগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মেয়র বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আরও কিট আনার চেষ্টা করছি। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি। মাত্র চারটি দেশে বিমান চলাচল করায় কন্টেইনারের মাধ্যমে এসব কিট আমদানি করার চেষ্টা করছি।
মেয়র আরো বলেন, গাজীপুরে ২২ লাখের মতো পোশাক শ্রমিক রয়েছে। কোনও শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দিয়ে দেয়া হয়। শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি কর্পোরেশনও সহযোগীতা করবে। একই সঙ্গে তিনি পোশাক শ্রমিকদের অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ারও আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো: আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
