বাংলাভূমি ডেস্ক ॥
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা চারদিন ধরে একইরকম আছে। উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। আজ মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য জানান।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে তাঁর শরীর খারাপ হয়। শনিবার থেকে কিছুটা উন্নতি হয়। সেই থেকে তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত একইরকম। মো. ফরহাদ বলেন, ‘স্যার একইরকম আছেন। সকালে উঠে খেয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।’
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও জিআর কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর মুহিব উল্লাহ খোন্দকার গতকাল সোমবার জানান, শিগগিরই জাফরুউলাহ চৌধুরীর পরবর্তী নমুনা পরীক্ষা হবে। তাঁর অবস্থা এখন পর্যন্ত ভালো। তবে ঝুঁকিমুক্ত নন। অক্সিজেন চলছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাতে গতকাল জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা নিয়ে বলা হয়, ‘তাঁর ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। যথেষ্ট অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল। তাঁর ফিজিওথেরাপি ও ডায়ালাইসিস চলছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে সংক্রমিত।
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মুস্তাফি, অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে রয়েছেন।
