বাংলাভূমি ডেস্ক ॥
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ (মঙ্গলবার)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের কর্ম, আগামীকাল প্রভাব: টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সরকারি পরিষেবা এবং প্রতিষ্ঠানকে উদ্ভাবন ও রূপান্তর’।
আজ সন্ধ্যা ৭টায় (যুক্তরাষ্ট্র ইএসটি সকাল ৯টা) জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে।
দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন দেশসেবায় উদ্দীপ্ত একটি দক্ষ জনবান্ধব জনপ্রশাসন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যকে সামনে রেখেই এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন দেশসেবায় উদ্দীপ্ত একটি দক্ষ জনবান্ধব জনপ্রশাসন।’
তিনি আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০২০ এর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
২০০৩ সাল থেকে প্রতিবছর ২৩ জুন যথাযোগ্য আনুষ্ঠানিকতার সঙ্গে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করে। ফোরামে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বজুড়ে সরকারি খাতে গৃহীত সর্বোত্তম উদ্ভাবনী উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়।
