বাংলাভূমি ডেস্ক ॥
মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশি সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) শহীদুল ইসলাম পাপুল নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি কুয়েতের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথাও স্বীকার করেছেন। পাবলিক প্রসিকিউটরের কাছে তদন্তের সময়ে পাপুল এই বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে আরব টাইমস। এদিকে পাবলিক প্রসিকিউটরের অফিস মনে করে এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবার দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য মামলাটি ফৌজদারি আদালতে প্রেরণ করা উচিৎ।
কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়ে পাপুল পাবলিক প্রসিকিউটরকে জানান, তার কোম্পানিতে ৯,০০০ মানুষ কাজ করে এবং কুয়েতে কাজ করার জন্য একটি বৈধ আদেশ আছে। তার দাবি, তিনি যে কাজ করেছেন সেটির সফলতা নিয়ে কেউ কোনও অভিযোগ করতে পারবে না। কিন্তু কুয়েতের কিছু কর্মকর্তা তার কাজ আটকে দেওয়ার চেষ্টা করেছিল। তাদেরকে ঠেকানোর জন্যই তিনি ঘুষ দিয়েছেন।
পাপুল আরও বলেন, তার কোম্পানিতে যে ধরনের ইকুইপমেন্ট আছে সেটি আর কোনও কোম্পানির কাছে নেই এবং তিনি গুনগতমান সম্পন্ন সেবা প্রদান করেছেন কিন্তু সমস্যা হচ্ছে এখানকার কিছু কর্মকর্তা। এদিকে প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানায়, এর সঙ্গে অনেক ব্যক্তি জড়িত। এদের সবার দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য অনেক সময়ের প্রয়োজন।
