স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে মহানগরীর বাসন থানার হক মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। লোকমান হোসেন (৩৬) ওই এলাকার রোস্তম আলী হাজীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এ কে এম আহসান হাবীব জানান, লোকমান হোসেন হক মার্কেট এলাকায় বিয়ে করেন। সম্প্রতি বাড়ি নির্মাণ শুরু করে শ্বশুরের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে তিনি পিস্তল নিয়ে শ্বশুর বাড়িতে যান এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে শাশুড়ি জরিনা বেগমকে ভয়ভীতি দেখান।
এ ঘটনায় শাশুড়ি জরিনা বেগম বাসন থানায় অভিযোগ দিলে পুলিশ বিকালে লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।
