Skip to content

আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো : রুবেল

স্পোর্টস ডেস্ক ॥
করোনাভাইরাসের এ সংকটময় সময়ে শুরু থেকেই সরব ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেনকে। সাহায্যের হাত বাড়িয়ে অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোন অন্যায়-অসঙ্গতির ব্যাপারেও নানান সময়ে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বাগেরহাটের এ পেসার।

সম্প্রতি গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ ড. আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশেই তারা আবিষ্কার করেছেন করোনা ভ্যাকসিন। যা খরগোশের দেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বাজারে উন্মুক্ত করার জন্য আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

বরাবরের মতোই এ খবরে দেখা যাচ্ছে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একপক্ষ যেমন সাধুবাদ দিচ্ছেন ড. আসিফ মাহমুদকে, তেমনি আরেকপক্ষ আবার মেতে উঠেছে হাসি-ঠাট্টায়। তারা যেন বিশ্বাসই করতে রাজি নয়, বাংলাদেশের সম্ভব করোনার ভ্যাকসিন আবিষ্কার।

এসব মানুষদের ওপর ক্ষেপেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। কড়া ভাষায় সমালোচনা করেছেন আসিফ মাহমুদ ও তার কাজের বিদ্রুপকারীদের। রুবেলের চোখে আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো। তাই তাদেরকেও একটু অভিনন্দন জানানোর আহ্বান করেছেন রুবেল।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে! বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।

অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারন জ্ঞানীদের কদর এদেশে নেই।

অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫