Skip to content

কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের দেয়া হচ্ছে নিজ বাড়িতে নিরাপদ প্রসব সেবা

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বর্তমান করোনা মহামারীতে সারা দেশের মতো কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা যখন অনিশ্চয়তার দিকে যাচ্ছিল তখন চিন্তার ভাজ পরেছিল গর্ভবতী মায়েদের কপালে। উদ্বেগ, উৎকন্ঠা আর অনিশ্চয়তার দোলাচলে দুলছিল কাপাসিয়ার প্রায় আড়াই হাজার গর্ভবতী মা ও নবজাতকের জীবন। এই সংকটময় মুহুর্তে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি নিলেন যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। নিজ বাড়িতে বসেই গর্ভবতী মায়েরা যাতে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবাসহ নিরাপদ প্রসব সেবা পেতে পারেন তা নিশ্চিত করলেন তিনি। ইতোমধ্যে দুই শতাতিক গর্ভবতী মা এই সেবা ভোগ করায় অন্য গর্ভবতী মায়েদের মনে স্বস্থি নেমে এসেছে।

জানাযায়, দেশে প্রথম বারের মতো মা ও শিশুর স্বাস্থ্য সেবায় ২০১৭ সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের সহধর্মীনি সৈয়দা জোহরা তাজউদ্দিনের নামে একটি স্বাস্থ্য সেবা পাইলট প্রকল্পের চালু করেন, তাঁরই কন্যা কাপাসিয়ার সংসদ সিমিন হোসেন রিমি। এর মাধ্যমে মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল এর যাত্রা শুরু হয়। উদ্ভাবিত ’গর্ভবতীর আয়না’ (মা ও শিশু স্বাস্থ্য সফট্ওয়্যার) এবং ’গর্ভবতীর গয়না’ (মা ও শিশু স্বাস্থ্য সহায়িকা) গর্ভবতী মায়ের ৩৭টি তথ্য সংবলিত ডাটা বেইজ তৈরী করা হয়। প্রত্যেক গর্ভবতী মা’কে আলাদা আইডিসহ মা ও শিশু স্বাস্থ্য সহায়িকা প্রদান করা হয়। এর মাধ্যমে গর্ভবতী মা কমপক্ষে ৪ বার প্রসবপূর্ব সেবা সম্পর্কে অবহিত হন। কোথায়, কখন এবং কোন ব্যক্তির কাছে এই সেবা পাওয়া যাবে তার অফিসিয়াল ফোন নম্বরসহ বর্ণনা রয়েছে সহায়িকাটিতে। গর্ভকালীন চেক-আপের নির্দিষ্ট তারিখের ৩ দিন পূর্বে সফট্ওয়্যার থেকে গর্ভবতী মায়ের মোবাইল ফোনে সেবা গ্রহণের স্থান, সেবা প্রদানকারী ব্যক্তির নাম ও ফোন নাম্বারসহ বাংলায় এসএমএস ও ভয়েস কল দেয়া হয়। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ গর্ভবতী শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সাংসদ সিমিন হোসেন রিমির আন্তরিকতা, নিবিড় সম্পৃক্ততা, উদ্ভাবনী উদ্যোগ ও মাঠ পর্যায়ে সেবা প্রদানকারীদের মাঝে সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার কারণে গত চার বছরে কাপাসিয়ায় প্রসবকালীন জটিলতায় মাতৃমৃত্যুর হার শুণ্যের কোটায় নেমে আসে। বর্তমান করোনা পরিস্থিতে এই সেবা কার্যক্রমে ছন্দপতনের আশংকা দেখা দেয়। বিষয়টি ভাবিয়ে তোলে সিমিন হোসের রিমিকে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নেন তিনি। কাপাসিয়া উপজেলার প্রতিটি বাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত দাই দ্বারা নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে ৬ দিনব্যাপি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক দাইগণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ নেন তিনি। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম জানান, ”সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে গত ১১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় ১৭ জুন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সিমিন হোসেন রিমি, এমপি। উপজেলার প্রতিটি ইউনিয়নের ১৮ জন করে মোট ১৯৮ জন দাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন”।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ নুসরাত জাহান খান। প্রশিক্ষণ কর্মশালা চলাকালে প্রতিদিন সিমিন হোসেন রিমি, এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। প্রশিক্ষণের প্রতিটি সেশনে তিনি প্রশিক্ষণার্থী দাইগণের সাথে কথা বলেন। প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসবপরবর্তী মা ও নবজাতকের জটিলতা ও কুসংস্কার বিষয়ে তিনি তাদেরকে সচেতন করেন। জ্ঞানের অভাবে অথবা অবহেলার কারণে কোন মা ও নবজাতকের জীবন যাতে বিপন্ন না হয় তা নিশ্চিত করতে সকলকে অত্যন্ত সতর্ক ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান তিনি। প্রসূতি মা ও নবজাতকের যে কোন জটিলতার ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত সরকারি হাসপাতালে ‘রেফার’ করার বিষয়ে তিনি গুরুত্ব দেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ‘ডেলিভারি কিট’ ও ‘প্রসব সহায়তাকারীর টুলবক্স’ প্রদান করা হয়।

জানতে চাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, ”বর্তমান করোনা পরিস্থিতিতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। উল্লেখযোগ্য হারে শিশুমৃত্যু হ্রাস করাসহ কাপাসিয়া উপজেলাকে মাতৃমৃত্যু মুক্ত রাখতে প্রশিক্ষণপ্রাপ্ত দাইগন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, সিমিন হোসেন রিমি এমপি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় কাপাসিয়া উপজেলাকে মাতৃমৃত্যু মুক্ত রাখতে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতা হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫