Skip to content

শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাঙ্গন ডেস্ক ॥
মহামারীর মধ্যে পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর এসেছে, তা ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেয়া হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে না এলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে। বন্ধ রয়েছে উচ্চ মাধ্যমিকে ভর্তির কার্যক্রমও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫