বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর বনানী মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।
সাহারা খাতুন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আইনজীবী যিনি বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।
শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়া পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ, মা টুরজান নেসা।
