স্টাফ রিপোর্টার ॥
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বিএসএফ সদস্যদের সতর্ক হয়ে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করা উচিত। আমাদের নাগরিক আইন লঙ্ঘন করলে তাদের গ্রেপ্তার করতে পারে। হত্যা কখনোই সমর্থনযোগ্য না’
দ্বিপাক্ষিক সমঝোতার প্রসঙ্গ এনে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবশ্যই সতর্ক হতে হবে এবং বাংলাদেশ সীমান্তে নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহার করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সীমান্তের যে জায়গাগুলোতে প্রাণহানী হয় এবং বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়, সেগুলো চিহ্নিত করা হয়েছে। হতাহতের ঘটনা কমিয়ে আনতে চিহ্নিত জায়গাগুলোতে বিজিবি’র অতিরিক্ত সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
গত রোববার তিন বাংলাদেশি নাগরিককে আসামের করিমগঞ্জ রাজ্যে হত্যার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
জানা যায়, বাংলাদেশি তিন নাগরিক গরু চুরি করতে ভারতে গিয়েছিলেন বলে জানান করিমগঞ্জ পুলিশ।
গরু চোরাকারবারি রোধে ঈদুল আজহাকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গরু আছে। অন্য কোথাও থেকে গরু আমদানি করার প্রয়োজন নেই। যদিও করিমগঞ্জের ঘটনাটির তদন্ত শেষ হয়নি, সীমান্তরক্ষী ও ভারতীয় নাগরিকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়গুলো ভঙ্গ করবে না।’
