Skip to content

‘স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না’

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

দুটি প্রতিষ্ঠানের কেলেঙ্কারির ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের কারণে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার পদত্যাগই সমাধান নয়, বিচার হতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ার করোনার যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে। যার ফলে করোনা আক্রান্ত মানুষগুলো নির্বিঘ্নে চলাফেরা করে ভাইরাসটি ছড়িয়েছে। এতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণ আজ মানুষ হাসপাতালে যাচ্ছে না। করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসা নিতে গিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের হিসাব আসছে না সরকারি পরিসংখ্যানে।

এ সময় মির্জা ফখরুল জানান, বিএনপির ৪৫৪ জন নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে মারা গেছেন ১৩৮ জন।

করোনা সেলের সদস্য সচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সেলের সদস্যরা সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫