Skip to content

ব্যক্তিগতভাবে সৎ না হলে দুর্নীতি রোধ সম্ভব নয়: নতুন ডিজি

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়।

শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতির কথা যদি বলেন, তবে বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা শুধু যদি সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ সম্পর্কে নতুন এ মহাপরিচালক বলেন, সামনে বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি, তা দূর করার চেষ্টা করব।

এসময় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন ‘সম্মান ও ইজ্জত নিয়ে’ শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়াও চান অধ্যাপক খুরশীদ আলম।

আগের ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করলে এ দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. খুরশীদ আলম।

বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে ডা. খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে যোগ দিতে বলা হয়। ওই দিনই ডা. আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫