Skip to content

খেলা শুরুর ১০ মিনিট আগে করোনাক্রান্ত ১০ ফুটবলারের খবর পাওয়া গেল

স্পোর্টস ডেস্ক ॥
মিনিট দশেক সময় হাতে ছিল ম্যাচ শুরু হতে। দুই দলের ফুটবলাররা সেরে নিচ্ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠে আর নামা হয়নি দুই দলের কারও। কেননা ম্যাচে অংশগ্রহণকারী এক দলের ১০ ফুটবলারের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। ফলে সেই ম্যাচটি তৎক্ষণাৎ বাতিল করে দেয়া হয়েছে।

ঘটনা ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পেনাতো ব্রাসিলেরোর প্রথম ম্যাচ শুরুও আগের। মুখোমুখি হওয়ার কথা ছিল সাও পাওলো এবং গোইয়াসের। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানা গেছে, গোইয়াসের ১০ ফুটবলার করোনায় আক্রান্ত। ফলে বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করা হয়েছে। সময়মতো রিপোর্ট না পেলে হয়তো প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়তো আরও অনেকের মাঝে।

গোইয়াসের পক্ষ থেকে গত বৃহস্পতিবার প্রথম দফায় সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু ঠিকভাবে প্যাকেজড হয়নি বলে সেই রিপোর্ট গ্রহণ করেনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। শুক্রবার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আরেকবার করানো হয় পরীক্ষা। সেখানে করোনা ধরা পড়ে দশজনের নমুনায়।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মেডিকেল টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যখন নিশ্চিত হওয়া গেছে যে গোইয়াসের ১০ ফুটবলার করোনা পজিটিভ, আমরা তাৎক্ষণিকভাবে গোইয়াসের মেডিকেল ডিপার্টমেন্টে যোগাযোগ করি। তারা আরেকটি কাউন্টার পরীক্ষার অনুরোধ করে এবং আমরা সেই রিপোর্টের অপেক্ষায় ছিলাম। ম্যাচটা যেন বাতিল না হয় সে চেষ্টাই করছিলাম। কিন্তু ১০ খেলোয়াড় পজিটিভ আসায় আর ঝুঁকি নেয়া হয়নি।’

ম্যাচের প্রতিপক্ষ সাও পাওলো ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে। তারা টুইটারে লিখেছে, ‘সাও পাওলো তাদের সমর্থন জানাচ্ছে গত রোববারের ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি। এছাড়া গোইয়ানিয়ার ক্লাবটির জন্য শুভকামনা। এখন স্বাস্থ্য নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫