আন্তর্জাতিক ডেস্ক ॥
কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে এর আগে এক বিবৃতিতে মোর্নিয়াও জানিয়েছিলেন, তিনি দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।
গত কয়েকদিন ধরেই পদত্যাগের চাপে ছিলেন তিনি। এক বিবৃতিতে মোর্নিয়াও বলেন, তিনি লিবারেল পার্টির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন।
সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই প্রবল চাপে ছিলেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন যে, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।
গণমাধ্যমে ভাষণ দেওয়ার সময় মোর্নিয়াও বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না।
২০১৫ সালে জাস্টিন ট্রুডো প্রথম কানাডা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিল মোর্নিয়াও। এদিকে মোর্নিয়াওয়ের অবিচল নেতৃত্ব এবং তার সেবাদানের প্রতিশ্রুতির প্রতি ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।
