Skip to content

ফাইনালে নিষিদ্ধ হতে পারে নেইমার

স্পোর্টস ডেস্ক ॥
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে পিএসজি। আনন্দের আতিশয্যে নিয়মনীতি ভুলে যাওয়াই স্বাভাবিক। ঠিক এই ভুলটাই করে বসেছেন পিএসজির ব্রাজিল তারকা নেইমার।

সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে দলটি। গোল করেছেন ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার অ্যানহেল ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত। ফাইনাল তো দূর, ক্লাবে নতুন মালিকানা আসার পর কোয়ার্টার ফাইনাল পেরোতেই ঘাম ছুটে যেত তাঁদের। সেই পিএসজিই চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে এখন। ম্যাচ শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক। আর আনন্দ উদ্যাপন করতে গিয়েই করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন নেইমার।

কোভিড-১৯ আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, জার্সি বদল করা যাবে না ম্যাচ শেষে। অথচ যুগ যুগ ধরে প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির নমুনা হিসেবে এই রেওয়াজ চালু আছে। করোনা–পরবর্তী সময়ে জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে এ ভয়ে উয়েফা প্রোটোকল জারি করেছে, জার্সি বদল নয়। সে কাজটাই করে বসেছেন নেইমার।

ম্যাচ শেষের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।

এ নিয়ম যদি মানা হয়, তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামা লাগবে পিএসজির। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।

ফাইনালের আগে উটকো একটা ঝামেলাতেই পড়তে যাচ্ছেন নেইমার!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫