Skip to content

বাস্তবায়ন হচ্ছে আনিসুল হকের সেই ‘ইউটার্ন প্রকল্প’

স্টাফ রিপোর্টার ॥
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কের ১১টি স্থানে ইউটার্ন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। কিন্তু নানা বাধার কারণে এই প্রকল্পটি আর এগোতে পারেনি সেই সময়। পরবর্তীতে যানজট কমাতে ফের সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুরুতে ১১টি ইউটার্ন নির্মাণের জন্য ২৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। সংশোধিত প্রকল্পে একটি ইউটার্ন কমিয়ে আনা হয়। ফলে ১০টির জন্য ব্যয় বাড়িয়ে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান এসএম কনস্ট্রাকশন ইউটার্ন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু শুরুতে কিছু জটিলতা দেখা দেয়। প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিছু স্থাপনা ভাঙতে গেলে বাধা দেয় তারা। সংশোধিত প্রকল্পে সওজের স্থাপনার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করায় সমস্যা কেটে গেছে।

প্রকল্প এলাকায় এখন মোট ১০টি ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, উত্তরা রাজলক্ষ্মী, উত্তরা র‌্যাব-১ অফিসের সামনে, কাওলা, বনানী ওভারপাসের নিচে, বনানী কবরস্থান ও কাকলী মোড়ের মাঝখানে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী মোড়, মহাখালী বাস টার্মিনাল, নাবিস্কো মোড় এবং বিজি প্রেসের সামনে ইউটার্নগুলো নির্মাণ করা হবে। এগুলোর মধ্যে উত্তরায় দুটি ইউটার্ন নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত যেতে এখন যে সময় ব্যয় হয় তার শতকরা ৭০ ভাগ সময় কমে যাবে। এই কাজটি শেষ করতে পারলে জনগণ অনেক উপকৃত হবে। এর প্রমাণ আমরা পেয়েছি উত্তরায় রাজলক্ষ্মী এবং জসিম উদ্দিন মোড়ে। ভালো কাজগুলো কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। এই শহরকে সুন্দর করতেই হবে।

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় সড়ক উন্নয়নসহ ইউটার্ন নির্মাণের মাধ্যমে ইন্টারসেকশনকে সিগন্যাল যুক্তকরণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট এলাকায় ভ্রমণের সময় হ্রাস করে যানজট হ্রাস করা সম্ভব হবে। এছাড়া পথচারীদের হাঁটার সুবিধাও প্রদান করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫