Skip to content

পাকিস্তানেই আছেন দাউদ ইব্রাহিম, জানাল ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক ॥
অপরাধ জগতের মুকুটহীন সম্রাট কুখ্যাত দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল শনিবার পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করাচির অভিজাত এলাকা ক্লিফটনে সৌদি মসজিদের কাছে ‘হোয়াইট হাউজ’ নামে একটি বাড়িকেই দাউদের ঠিকানা হিসেবে চিহ্নিত করেছে পাক প্রশাসন। করাচির ডিফেন্স হাউজিং অথরিটির ৩০ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়ি এবং নুরবাদে পাহাড়ি এলাকায় প্রাসাদোপম বাড়িও রয়েছে তার।

১৯৯৩ সালের ১২ মার্চ ভারতে সবচেয়ে বড় নাশকতা ঘটে। সেদিন মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়, যার মূলহোতা হিসেবে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম উঠে আসে। ভারত মনে করে, মুম্বাইয়ে জন্ম নেয়া দাউদ ইব্রাহিম পাকিস্তানেই লুকিয়ে আছেন। যদিও বরাবরের মতোই পাকিস্তান এ অভিযোগ নাকচ করে দিয়ে আসছিল।

২০০৩ সালে দাউদ ইব্রাহিমকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ বলে আখ্যা দেয় ভারত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দাউদ ইব্রাহিমকে বিশ্বের শীর্ষ ১০ পলাতক ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’র তালিকায় রেখেছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূলত আন্তর্জাতিক চাপ, বিশেষ করে বিশ্বজুড়ে আর্থিক অপরাধ রুখতে নীতি তৈরি ও কার্যকর করে যে সংস্থা, সেই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) চাপের কারণেই দাউদের বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তানকে ২০১৮ সালে ধূসর দেশের তালিকায় রাখে এফএটিএফ। ব্যক্তি ও সংগঠন মিলিয়ে মোট ৮৮টি নাম এফএটিএফকে জানিয়ে পাকিস্তান দাবি করেছে, এদের আর্থিক লেনদেনে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ১৮ আগস্ট পাকিস্তান সরকার একটি নির্দেশিকায় বলেছে, দাউদ ছাড়াও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ, জইশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহার এবং আল-কায়দার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হয়েছে। কড়াকড়ি বেড়েছে পাক তালিবানের ওপরও।

এদিকে ৫ জুন ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দাউদ ইব্রাহিম। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের গোয়েন্দা সংস্থা ও কূটনীতির জাল এখন পর্যন্ত দাউদ ইব্রাহিকে ছুঁতে না পারলেও করোনাভাইরাস তাকে কাঁবু করেছে। তার স্ত্রী মেহজাবিনও আক্রান্ত হয়েছেন করোনায়। পাশাপাশি এই মাফিয়া ডনের ব্যক্তিগত এক দেহরক্ষী এবং একজন কর্মীও ভাইরাসটির থাবায় পড়েছেন। যদিও পাকিস্তান সরকার এ বিষয়ে কিছু বলেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫