স্টাফ রিপোর্টার ॥
দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে বাদে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ মঙ্গলবার এয়ারলাইনসের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইনস জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর বাদে) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বর্তমান ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।
বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করলো রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থাটি।
