Skip to content

গাজীপুরে “করোনাকালীন স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়’’

স্টাফ রিপোর্টার ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতকাল দুপুরে “করোনাকালীন স্বাস্থ্যসেবা:চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়’’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যার সভাপতিত্বে এ সভায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান, উপ-পরিচালক ডা: তপন কান্তি সরকার, সনাক, স্বজন, ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ যুক্ত ছিলেন।

সভার শুরুতেই সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডা: মুহাম¥দ সালমান বলেন, মহামারী করোনার কারণে সারা বিশ্বের ন্যায় আমরাও আজ এক দুর্বিসহ সময় অতিক্রম করছি। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে করোনা সংক্রমণ অনেকাংশেই রোধ করা সম্ভব বলে তিনি জানান। তিনি হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে ‘‘নো মাস্ক নো এন্ট্রি’’ পলিসি অবলম্বনের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। তাছাড়া, হাসপাতালে আগত রোগী ও দর্শনার্থীদের জন্য হাসপাতালের প্রবেশমুখে এবং প্রত্যেকটি ওয়ার্ডে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করে হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানের সুপারিশ করেন।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: তপন কান্তি সরকার বলেন, মহামারী করোনার প্রারম্ভিক পর্যায়ে ১০ শয্যার আইসোলেশন ইউনিট চালুর মাধ্যমে গাজীপুরে করোনা চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে ৫০০ শস্যার এ হাসপাতালকে ২০০ শয্যার কোভিড বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় এবং করোনা ব্যতীত সকল চিকিৎসাসেবা স্থগিত করা হয়। পরবর্তীতে কোভিড এবং সাসপেকটেড রোগীর সংখ্যা কমতে কমতে প্রায় ৯/১০ জনে এসে দাঁড়ালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে গত ১২ আগস্ট থেকে কোভিড এর পাশাপাশি নন-কোভিড সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রমও শুরু করা হয়।

হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান বলেন, অনেক রোগী তথ্য/কোভিডের উপসর্গ গোপন করে চিকিৎসা নিতে আসে। ফলে ঝুঁকি বাড়ছে। প্রতিষ্ঠান স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি বদ্ধ পরিকর। অত্র হাসপাতালের সেবার মানোন্নয়নের পাশাপাশি এ প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি সনাক এবং টিআইবি’র সাথে সমন্বিতভাবে কাজ করারও অভিপ্রায় ব্যক্ত করেন।

সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যা বলেন, সনাক দীর্ঘ সময় ধরে এ হাসপাতালের সাথে সম্পৃক্ত আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্তক সহযোগিতা নিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে, সেবা সংক্রান্ত তথ্য প্রকাশে সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রাশিদুজ্জামান (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরো বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ফাতেমা জোহরা, মো: হাসান আলী, সদস্য মুকুল কুমার মল্লিক, ফয়জুন্নেছা লাভলী, মো: ফজলে নিজামী, সোলায়মান হোসেন খানসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫