স্টাফ রিপোর্টার ॥
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৫ আগস্টে জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। কিন্তু ১৫ আগস্ট রাত পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তারা গিয়ে শপথ নিলেন খন্দকার মোশতাকের কেবিনেটে। খন্দকার মোশতাকের কেবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই বাকশালের মন্ত্রী ছিলেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশালের মন্ত্রিসভা ছিল। সেই মন্ত্রিসভার মন্ত্রীরা মোশতাকের কেবিনেটে শপথ নিলেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর তিনজন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য করলেন। জিয়াউর রহমান তো যাননি।
রিজভী বলেন, আওয়ামী লীগ ইতিহাসে বাকশাল-দুর্ভিক্ষ শুধু এগুলোই আছে। তাদের ইতিহাসে শুধু বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতন, মানুষ হত্যা, বিচারবহির্ভূত হত্যা। তার জন্য বিএনপির প্রতি তাদের এত বিদ্বেষ।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
