Skip to content

মাদকে বাধা দেয়ায় স্কুলশিক্ষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে স্কুলশিক্ষক রাসেল রানা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইমরান হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের দুইদিন পর প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইমরানকে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হত্যাকাণ্ডের পর থেকে ইমরানসহ তার সহযোগীরা পলাতক ছিল। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অবস্থান নিশ্চিত হয়ে ভালুকার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে।

মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে গত শনিবার সন্ধ্যায় রাসেল রানাকে তুলে নিয়ে গিয়েছিলেন ইমরানসহ তার সঙ্গীরা। পরদিন সকালে উপজেলার দক্ষিণ বারোতোপা গ্রামের লবলং (বিলাইঘাটা) পাড় থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল।

রাসেল রানা (২৮) শ্রীপুরের সিংদীঘী গ্রামের সুজন আলীর পুত্র। তিনি পাশের বারোতোপা গ্রামের শিশুকানন বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন।

হত্যায় অভিযুক্ত ইমরান হোসেন দক্ষিণ বারোতোপা গ্রামের আবু বকর মণ্ডল ওরফে বাক্কা মণ্ডলের ছেলে। ইমরান একজন মাদক কারবারি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫