Skip to content

চুরির দায়ে বের করে দেয়ায় বসের সন্তানকে অপহরণ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অপহৃত নিশাত বাবু (৩) নামে এক শিশুকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

অপহৃত শিশুর বাবা ওই যুবককে কারখানা থেকে চুরির দায়ে চাকরিচ্যুত করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শিশুটিকে অপহরণ করেন বলে জানিয়েছেন গ্রেফতার যুবক।

দিনাজপুরের চিরিরবন্দর থানার যৌতগ্রামের বকুল মিয়ার পুত্র উদ্ধারকৃত শিশু নিশাত বাবু (৩)। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান (১৮) শেরপুর সদর থানার ডুবারচর এলাকার আবুল কাশেমের পুত্র এবং সে মহানগরীর আউটপাড়া এলাকার শওকতের বাড়িতে ভাড়া থাকেন।

গ্রেফতারকৃত আসামি মোস্তাফিজুর গাজীপুর মহানগরীর ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের পাশে অবস্থিত এলএফ সিকিউরিটি নামক প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করতেন। আগে তিনিও ভিকটিমের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন। এলএফ সিকিউরিটি প্রতিষ্ঠানে শিশুটির বাবা রিক্রুরিং অফিসার হিসেবে কর্মরত। ৪ দিন আগে ওই প্রতিষ্ঠান থেকে চুরির দায়ে ওই শিশুর বাবা আসামি মোস্তাফিজুরকে চাকরি থেকে বরখাস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দেন। ওই ঘটনায় প্রতিশোধ নিতে একটি ধারালো চাকু কিনে তার মালিকের ছেলেকে অপহরণের টার্গেট করেন। বৃহস্পতিবার নিজ বাসা থেকে অপহৃত হন নিশাত। অপহরণের দিন ভিকটিমের বাবার মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং নিশাত বাবুকে সে অপহরণ করেছে বলে জানিয়ে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। অন্যথায় ছেলেকে হত্যা করে লাশ গুম করে দেবে বলে জানায়। পরে অভিযাান চালিয়ে র‌্যাব সদস্যরা ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন জানান, শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কেলে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫