স্টাফ রিপোর্টার ॥
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা ও দাফন আজ অনুষ্ঠিত হবে।
বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে দাফন করা হবে।
মাহবুবে আলম গতকাল রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অ্যাটর্নি জেনারেলের পুত্র সুমন মাহবুব জানান, সোমবার বেলা ১১টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার বাবার মরদেহ নেয়া হবে। সেখানে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাতে মাহবুবে আলম শরীরে জ্বর অনুভব করেন। পরদিন সকালে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
১৯ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে অবস্থার অবনতি হলে ২০ সেপ্টেম্বর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি নিউমোনিয়া, ব্রনিকয়াল অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন।
