স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরশনের কাশিমপুর এলাকায় এক কিশোরীকে (১৩) তুলে নিয়ে ব্র্যাক স্কুলের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় দুই যুবককে আসামি করা হয়েছে।
তারা হলেন নওগাঁ সদর থানার রজকপুর এলাকার মো. নজরুল ইসলাম লিটনের পুত্র সম্রাট হোসেন শান্ত (২৫) ও একই থানার ভবানীপুর এলাকায় মো. আলীম হোসেন আলেকের পুত্র শাকিল আহম্মেদ (২৬)। তারা কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় থাকেন। কিশোরীও পরিবারের সাথে একই তেঁতুইবাড়ি এলাকায় ভাড়া থাকে এবং গ্রামের বাড়িও নওঁগা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজে চলে যায়। বাসায় কিশোরী একাই ছিল। দুপুরের দিকে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। পথে সম্রাট হোসেন শান্ত (২০) পেছন থেকে কিশোরীকে ডাক দেয়। ডাকে সাড়া না দিয়ে সে দৌড়ে বাসায় ফেরার চেষ্টা করে। এ সময় সম্রাট হোসেন ও শাকিল আহম্মেদ জোর করে ওই কিশোরীকে পাশের ব্র্যাক স্কুলের ভেতর নিয়ে যায়। পরে দুজনে জোড়পূর্বক পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদকে আসামি করে মামলা দায়ের করে।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
