Skip to content

যৌন নির্যাতনের তদন্ত ২ মাসের মধ্যে সমাপ্তের নির্দেশ ভারতে

অনলাইন ডেস্ক ॥
নারীর প্রতি যৌন সহিংসতা রোধে আইনি জটিলতা কমিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনায় দুই মাসের মধ্যে পুরো তদন্ত সমাপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নতুন নির্দেশনা পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নারীদের প্রতি সবধরনের সহিংসতার ক্ষেত্রে পুলিশি পদক্ষেপ বাধ্যতামূলক বলা হয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে গাফিলতি করলে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে এ আদেশে।

নির্দেশিকায় নারী নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছে:

পুলিশে অভিযোগ (এফআইআর) দায়ের বাধ্যতামূলক
৬০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত শেষ করা
ধর্ষণের অভিযোগ থাকলে ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো

এছাড়া, নির্যাতনের শিকার হয়ে মৃত্যুপথযাত্রী কারও জবানবন্দি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেয়া না হলেও সেটি বাতিল করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া, সম্প্রতি ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে ধর্ষণ থেকে শুরু করে অপহরণ, অ্যাসিড হামলা বা ঘরোয়া নির্যাতন- নারীদের প্রতি সবধরনের অপরাধের গ্রাফই ঊর্ধ্বমুখী। ২০১৯ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

হাথরসের ঘটনা এবং এনসিআরবির প্রতিবেদন- এ দু’টির সম্মিলিত চাপে পড়েই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫