Skip to content

ইসরাইলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্যকে পূর্ণ সমর্থন রাশিয়ার

অনলাইন ডেস্ক ॥
তেলআবিবে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইসরাইলের সমালোচনা করে দেয়া বক্তব্যের কারণে ওই রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে।

রাশিয়া বলেছে, তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি অনুসরণ করেই ওই বক্তব্য রেখেছে। খবর তাস ও তাসনিম নিউজের।

গত ৮ ডিসেম্বর তেলআবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভ জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন– ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ। এ অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, বরং আরব-ইসরাইল ও ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরাইল মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন।

তিনি বলেন, ইসরাইল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরাইলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকার দেয়ার কারণে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্তোরভকে তলব করে তাকে ‘তীব্র ভাষায় ভর্ৎসনা’ করে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে ইসরাইল অতিমাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে।

তিনি বলেন, রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫