Skip to content

প্রকাশ্যে ব্যর্থতা স্বীকার করলেন কিম

অনলাইন ডেস্ক ॥
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন কোনও বিষয়ে ভুল স্বীকার করেছেন- এঘটনা এতটাই বিরল যে, তেমন কিছু হলে বিশ্বজুড়ে হইচই পড়ে যাওয়া স্বাভাবিক। সেখানে প্রকাশ্যে ব্যর্থতা স্বীকার করছেন তিনি- এ দৃশ্য অনেকটা অভাবনীয়ই বটে! এবার সেটাই ঘটেছে। উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন কিম জং উন।

টানা পাঁচ বছর পর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন হচ্ছে উত্তর কোরিয়ায়। সেখানেই এই বিরল স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম নেতা। তিনি জানিয়েছেন, ২০১৬ সালে যে অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ হয়নি।

কিম বলেন, এটা খুবই কষ্টদায়ক শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।

তার কথায়, এর কারণে উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিলম্ব হবে। এটা খুবই উদ্বেগের বিষয়।

অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সাফল্যও দাবি করেছেন কিম। তারপরও অর্থনৈতিক লক্ষ্যপূরণে ব্যর্থতা বেশ পীড়া দিচ্ছে তাকে।

গত বছর উত্তর কোরিয়া পূর্বঘোষিত পঞ্চবার্ষিকী আর্থিক পরিকল্পনা অনেকটা চুপিসারেই বাতিল করে দেয়। কারণ ততদিনে বোঝা গিয়েছিল, তাদের পক্ষে ওই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।

এরপর করোনাভাইরাস মহামারিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংক্রমণ ঠেকাতে দেশটি তাদের সীমান্ত বন্ধ রেখেছে।

অবশ্য উত্তর কোরিয়ার দাবি, সেখানে একজনও করোনা রোগী নেই। তবে তাদের এই দাবি নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। তাছাড়া, দেশটিতে করোনায় আক্রান্তদের গুলি করে মেরে ফেলার খবরও ছড়িয়েছে গণমাধ্যমগুলোতে।

সিএনএনের তথ্যমতে, মঙ্গলবার পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন দলের কংগ্রেসে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেন। এসময় তাদের কারও মুখেই মাস্ক দেখা যায়নি।

জানা গেছে, দলের এই কংগ্রেস থেকে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা পেশ করা হবে। সেখানে নেতৃত্ব পরিবর্তনের ঘোষণাও আসতে পারে। এক্ষেত্রে কিমের বোন কিম ইয়ো জংকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।

সূত্র: ডয়চে ভেলে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫