Skip to content

সরকার করোনার ভ্যাকসিন নিয়ে তালবাহানা করছে: রিজভী

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেটা নিয়ে কতকিছু হচ্ছে। কত ধরনের তালবাহানা হচ্ছে। ভ্যাকসিন নিয়ে সরকারের স্বাস্থ্য সচিব ও বেক্সিমকোর বিপরীতমুখী কথাতেই বোঝা যায়, সরকারের অবস্থা বেহাল।

বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ১১নং তালতলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের স্বাস্থ্য সচিব বলছেন, সরকারের ভারতের সাথে চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে কিনবে। অপরদিকে বেক্সিমকো বলছে, সরকারের সাথে চুক্তি হয়নি। করোনার কারণে মানুষ মারা যাচ্ছে আর সরকার এটা নিয়ে খেলা খেলছে। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, যখন অন্যায় হয়, অবিচার হয়, আমাদের গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠের স্বাধীনতা, আমাদের চলাচলের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, নাগরিকদের চলাফেরার স্বাধীনতা যখন অবরুদ্ধ করা হয়, তখন আমরা রাজপথে তীব্র গতিতে আন্দোলন করি। আমাদের লক্ষ্যই হচ্ছে মানবকল্যাণ। আমরা ঝড়ের রাতে উপকূলে ছুটে যাই মানুষের কাছে। আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল দিই।আজ যাদের মাঝে মাঝে এসেছি এদের না আসে খাবার, না আছে আসবাবপত্র, হাড়ি-পাতিল বাসন-কোসন কিছুই নেই।

রিজভী বলেন, করোনা বেড়ে চলছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, মানুষ কাতরাচ্ছে। এখন পৃথিবীতে যে টিকা আবিষ্কার হয়েছে সেটা নিয়ে কতকিছু হচ্ছে। কত ধরনের তালবাহানা।

বিএনপির এই নেতা বলেন, আজ দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে। সরকারের এর প্রতি খেয়াল নেই। এই শীতের সময়ে অনেক জিনিসের দাম কমে। কিন্তু হাসিনার আমলে এই দাম এর কমতি নেই। পেঁয়াজ, চাল, কাঁচা মরিচে হাত দিলে হাত পুড়ে যাবে। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে। জনগণ থাক আর না থাক তাদের কিছুই আসে যায় না। তাদের একটাই লক্ষ্য, কীভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫