Skip to content

‘পাপুলের এমপি পদ বাতিলের রিট দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে’

স্টাফ রিপোর্টার ॥
মানবপাচারের অভিযোগে কুয়েতের আদালতে ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের ওপর দ্রুত শুনানির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। পাপুলের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী আবুল ফয়েজ ভুইয়ার পক্ষে রিটকারী আইনজীবী শেখ আওসাফুর রহমান শনিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানান।

তিনি বলেন, রিট মামলাটি হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রোববারের (৩১ জানুয়ারি) কার্যতালিকায় রয়েছে। রিটটি নিয়ে জারি করা রুলটি যাতে দ্রুত শুনানি হয় সে বিষয়ে আমরা আদালতে আবেদন জানাবো। রিট মামলার শুনানির সময়ে আমরা কুয়েতে পাপুলকে দেয়া সাজার রায়টি হাইকোর্টের নজরে আনার চেষ্টা করবো। যাতে সেটি শুনানির জন্য গ্রহণ করা হয়।

এর আগে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া।

ওই রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়।

রিট আবেদনটির শুনানি নিয়ে ২০২০ সালের ১৮ আগস্ট শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

অর্থপাচার ও মানবপাচারের মতো অপরাধে জড়িত থাকার দায়ে গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫