Skip to content

চট্টগ্রামে পৌঁছাল সাড়ে ৪ লাখ ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার ॥
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে রোববার (৩১ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিনগুলো পৌঁছায়।

কাভার্ড ভ্যান থেকে ভ্যাকসিনগুলো বুঝে নেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মো. মহসীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জাগো নিউজকে বলেন, ‘আমরা মোট ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১ হাজার ২০০টি ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে।’

জানা গেছে, ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে রাত আড়াইটায় চট্টগ্রাম নগরীর হালিশহরে বেক্সিমকোর ডিপোতে পৌঁছায়। পরে পুলিশি পাহারায় ফ্রিজার ভ্যানটিকে সকাল পৌনে ৭টায় নগরীর আন্দরকিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪টি বুথ থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫