Skip to content

কাপাসিয়ায় ছাত্রের নামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আদায় করা জরিমানার টাকা ফেরত দিলেন যুবলীগ নেতা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর)থেকেঃ

গাজীপুরের কাপাসিয়ায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে ছাদিউল আমিন উদয় নামে এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করে এবং ওই ছাত্রের কাছ থেকে জরিমানা আদায় করেছিলেন এক যুবলীগ নেতা। অবশেষে ওই ছাত্রের পরিবারের কাছে ক্ষমা চেয়ে জরিমানার টাকা ফেরত দিয়েছেন যুবলীগ নেতা হাদিউল ইসলাম হাদি।

শনিবার উদয়ের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে জরিমানার টাকা তুলে দেন হাদিউল।

ছাদিউল আমিন উদয়ের বাড়ি উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামে। সে টোকনগর আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। তার বাবার নাম আবুবকর ছিদ্দিক।

জানা যায়, সম্প্রতি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীর তীর থেকে শ্যালো মেশিনের পাইপ চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় উদয়কে। যুবলীগ নেতা হাদিউল ইসলাম ও তার সহোদর কৃষক লীগ নেতা তাজুল ইসলাম তাজু বাড়ি থেকে উদয়কে ধরে এনে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চুরির স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেন।

পরে তাকে চোর সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা এবং মারধরের ভিডিও ধারণ করা হয়েছিল। এ নিয়ে গত ৬ ও ৭ অক্টোবর বিভিন্ন পত্রিকায় ‘কাপাসিয়ায় যুবলীগ নেতার কাণ্ড চুরির মিথ্যা অপবাদে ছাত্রকে পিটিয়ে জরিমানা আদায়’ শিরোনামে প্রতিবেদন ছাপা হলে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান নেতারা।

এ বিষয়ে হাদিউল ইসলাম বলেন, উদয়ের পরিবারের সঙ্গে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। চুরির মিথ্যা অপবাদের জরিমানা আদায়ের ১০ হাজার টাকা উদয়ের মা আনোয়ারার কাছে ফেরত দিয়েছি।

এ বিষয়ে উদয়ের মা আনোয়ারা বেগম বলেন, মিথ্যা চুরির অপবাদে আমাদের কাছ থেকে জরিমানা আদায়ের ১০ হাজার টাকা ফেরত পেয়েছি এবং আমার ছেলের চিকিৎসার জন্য আরও অতিরিক্ত ৫ হাজার টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি না নিয়ে তাদের ক্ষমা করে দিয়েছি। পত্রিকায় সংবাদ প্রচারের কারণে আমি সুষ্ঠু বিচার পেয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫